ধ্রুব ডেস্ক
ছবি: এ আই প্রণীত
আইন অমান্য করে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার মাশুল দিতে হলো আরেকটি প্রাণ ঝরে যাওয়ার মধ্য দিয়ে। যশোরের মনিরামপুরে তিন কিশোরের বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মশ্বিমনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুরোত আলী মোড়ল (৪৮)।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার শাহপুর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক মোটরসাইকেলে থাকা তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাবেক ইউপি সদস্য সুরোত আলী মোড়ল শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শাহপুর মোড়ে আসেন। সেখানে প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলামের সারের দোকানের সামনে তিনি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শী মুস্তাফিজুর রহমান ও সিরাজুল ইসলাম জানান, ধাক্কা খেয়ে সুরোত আলী মোড়ল রাস্তার পাশে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক মোটরসাইকেলসহ আরোহী তিন কিশোরকে আটক করে। পরে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আটক তিনজনকে হেফাজতে নেন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, পুলিশ হেফাজতে থাকা তিনজনই অপ্রাপ্তবয়স্ক। তারা হলো— কেশবপুর উপজেলার কড়িয়াখালি গ্রামের হাফিজুর রহমানের ছেলে নিরব হোসেন (১৫), একই গ্রামের রমজান আলী গাজীর ছেলে আকাশ হোসেন (১৫) এবং কোমরপোল গ্রামের মাহবুবুর রহমানের ছেলে সুইট হোসেন (১৭)।