নিজস্ব প্রতিবেদক
কেশবপুরের ঐতিহ্যবাহী কালোমুখো হনুমান ছবি: সংগৃহীত
যশোরের কেশবপুরে খাদ্যসংকটে পড়েছে বিরল প্রজাতির ৪ শতাধিক কালোমুখো হনুমান। পর্যাপ্ত খাবার না পেয়ে এখন তারা হানা দিচ্ছে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। খাবারের সন্ধানে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে অনেক হনুমান। আবার আহত হলে চিকিৎসার জন্য ছুটে আসছে মানুষের কাছে।
যশোরে কেশবপুরের ঐতিহ্যবাহী কালোমুখো হনুমান দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। স্থানীয়দের ধারণা, বর্তমানে কেশবপুরে প্রায় ৪ শতাধিক হনুমান রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ২৫০ থেকে ৩০০। তবে আনুষ্ঠানিকভাবে গণনা না হওয়ায় প্রকৃত সংখ্যা জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগ থেকে প্রতিদিন যে পরিমাণ খাবার সরবরাহ করা হয়, তা হনুমানের প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। প্রতিদিন ৪৭ কেজি ২০০ গ্রাম কলা, ৬ কেজি ৭০০ গ্রাম পাউরুটি, ৭ কেজি ৩৫০ গ্রাম বাদাম ও ৭ কেজি সবজি দেওয়া হলেও মাত্র পাঁচ থেকে ছয়টি এলাকায় পৌঁছে দেওয়া সম্ভব হয় এসব খাবার।
বনজ সম্পদ কমে যাওয়ায় কেশবপুরের পাশাপাশি মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়ছে হনুমান। খাদ্যের সন্ধানে বেরিয়ে অনেক হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে, আবার আহতও হচ্ছে।
সম্প্রতি কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে আহত একটি হনুমান সাহায্যের জন্য স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমানের কাছে ছুটে আসে। পরে তিনি হনুমানটিকে পাশের একটি ফার্মেসিতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
খাদ্য সরবরাহকারী আতিয়ার রহমান জানান, নির্দিষ্ট কয়েকটি এলাকা ছাড়া অন্য কোথাও নিয়মিত খাবার পৌঁছে দেওয়া সম্ভব হয় না। অন্যদিকে স্থানীয় দোকানদার বিশ্বজিৎ বলেন, খাবারের অভাবে হনুমানগুলো প্রায়ই দোকান থেকে বিস্কুট, পটেটো চিপসসহ বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছে।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস জানান, বর্তমানে কেশবপুরে ৪ শতাধিক হনুমান রয়েছে বলে তাঁর ধারণা। আনুষ্ঠানিকভাবে গণনা করা হলে প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, হনুমানগুলোর খাবারের ব্যবস্থা করতে খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
কেশবপুরের ঐতিহ্য ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ এই কালোমুখো হনুমান। তাদের অস্তিত্ব রক্ষা ও খাদ্যসংকট নিরসনে সঠিক সংখ্যা নির্ধারণ করে পর্যাপ্ত খাবার সরবরাহের দাবি স্থানীয়দের।