Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইসলামে বদলি হজের বিধান

মনিরুজ্জামান মনিরুজ্জামান
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০২:১২ পিএম
ইসলামে বদলি হজের বিধান

ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের অন্যতম ফরজ বিধান হলো হজ, যা প্রতিটি শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার আদায় করা আবশ্যক। তবে অনেক সময় আর্থিক সক্ষমতা থাকার পরও চরম অসুস্থতা, বার্ধক্য, স্থায়ী শারীরিক অক্ষমতা বা মৃত্যুর কারণে কোনো ব্যক্তি নিজে হজ পালন করতে পারেন না। এমন পরিস্থিতিতে ইসলামের বিধানে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে সেই হজ সম্পন্ন করার একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, যাকে ধর্মীয় পরিভাষায় 'বদলি হজ' বলা হয়। বদলি হজের মূল লক্ষ্য হলো ওই অক্ষম বা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজের জিম্মাদারি বা ফরজ দায়িত্বটি মুক্ত করা।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বিল্লাল বিন কাশেম জানান, কোনো ব্যক্তি যদি মৃত অবস্থায় বদলি হজের অসিয়ত করে যান কিংবা জীবিত অবস্থায় এমন পরিস্থিতির সম্মুখীন হন যে তার আর হজে যাওয়ার শারীরিক সক্ষমতা নেই, তবে তার পক্ষ থেকে যে হজ সম্পাদন করা হয়, সেটিই বদলি হজ। ইসলামি লেখক ও বিশ্লেষক শরীফ মুহাম্মদ এ প্রসঙ্গে উল্লেখ করেন, যে ব্যক্তির আর্থিক সামর্থ্য রয়েছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই এবং জীবনাবসান পর্যন্ত সেই সক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনাও প্রায় নিভে গেছে, মূলত তার জন্যই বদলি হজ প্রযোজ্য। তবে যার সুস্থ হওয়ার আশা রয়েছে কিংবা নিজে যাওয়ার ক্ষমতা রাখেন, তিনি অন্যকে দিয়ে বদলি হজ করালে তার ফরজ আদায় হবে না।

ধর্মীয় বিধান ও হাদিসের আলোকে গবেষকেরা বদলি হজ জায়েজ হওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। প্রথমত, কোনো ব্যক্তি শারীরিকভাবে এতটা অসুস্থ বা অক্ষম হয়ে পড়লে যেখান থেকে আর সুস্থতার কোনো আশা নেই। দ্বিতীয়ত, কাউকে যদি জোরপূর্বক অবরুদ্ধ বা বন্দি করে রাখা হয়। তৃতীয়ত, হজে যাওয়ার পথ যদি পুরোপুরি অনিরাপদ হয়ে পড়ে। চতুর্থত, কোনো নারীর ক্ষেত্রে যদি হজে যাওয়ার জন্য প্রয়োজনীয় কোনো ‘মাহরাম’ (যার সাথে বিয়ে হারাম এমন পুরুষ আত্মীয়) না পাওয়া যায়, তবে এই পরিস্থিতিগুলোতে বদলি হজ করানো যায়।

কারাবন্দি বা অবরুদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে বদলি হজের নিয়মের বিষয়ে লেখক শরীফ মুহাম্মদ জানান, কোনো ব্যক্তি যদি আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হন এবং তিনি নিশ্চিত হন যে স্বাভাবিকভাবে বের হয়ে এই আমলটি করার সুযোগ তার নেই, তবে তার ওপর হজ ফরজ হয়ে থাকলে এবং প্রয়োজনীয় অর্থ থাকলে তার পরিবার তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করতে পারবে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আনিসুজ্জামান শিকদারও একই মত দিয়ে বলেন, দীর্ঘমেয়াদি কারাদণ্ডে থাকা ব্যক্তির যদি আর্থিক সামর্থ্য থাকে, তবে তিনি অন্য কাউকে দিয়ে জীবিত অবস্থাতেই বদলি হজ করিয়ে নিতে পারবেন।

তবে বদলি হজের ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত ও নিয়মাবলি রয়েছে, যা অত্যন্ত গুরুত্বের সাথে পালনীয়। নিয়মানুযায়ী, যার পক্ষ থেকে বদলি হজ করানো হচ্ছে, যাবতীয় খরচ তাকেই বহন করতে হবে। ব্যক্তিটি যদি মারা যান, তবে তার রেখে যাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার থেকেই এই হজের খরচ মেটাতে হবে। মাওলানা আনিসুজ্জামান শিকদার জানান, মারা যাওয়ার আগে কেউ অসিয়ত করে গেলে ওয়ারিশদের জন্য বদলি হজ করানো ওয়াজিব হয়ে দাঁড়ায়; আর যদি অসিয়ত নাও করে যান কিন্তু পর্যাপ্ত সম্পদ রেখে যান, তবে সন্তানেরা পিতামাতার নামে বদলি হজ করাতে পারেন, যা ওয়াজিব না হলেও অত্যন্ত উত্তম একটি কাজ।

বদলি হজের ক্ষেত্রে আরও কিছু প্রায়োগিক নিয়ম রয়েছে। যেমন, কোনো জীবিত ব্যক্তি ওজর বা অক্ষমতার কারণে অন্যের মাধ্যমে বদলি হজ করানোর পর যদি অলৌকিকভাবে তার শারীরিক সক্ষমতা ফিরে আসে বা সংকটের অবসান ঘটে, তবে পূর্বের বদলি হজটি বাতিল হয়ে যাবে এবং তাকে পুনরায় নিজের হজ নিজেকেই গিয়ে আদায় করতে হবে। এছাড়া, যিনি বদলি হজ সম্পাদন করবেন, তাকে সাধারণত সেই দেশেরই নাগরিক বা বাসিন্দা হতে হবে, যে দেশের নাগরিকের পক্ষ থেকে তিনি হজ করছেন।

বদলি হজ কে করতে পারবেন—এ নিয়ে আলেমদের মধ্যে সামান্য মতভিন্নতা থাকলেও অধিকাংশ গবেষকের মতে, যেকোনো যোগ্য ব্যক্তিকেই বদলি হজের দায়িত্ব দেওয়া যায়, তবে পেশাদার কোনো এজেন্সির চেয়ে নিজের নিকটাত্মীয়দের মধ্য থেকে কাউকে দিয়ে বদলি হজ করানো সবচেয়ে উত্তম। নারীর পক্ষ থেকে বদলি হজ করার জন্য নারীই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, নারীর পক্ষ থেকে পুরুষও বদলি হজ সম্পাদন করতে পারবেন। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের লাখ লাখ মুসলমান যেখানে হজে সমবেত হন, সেখানে এই বদলি হজের বিধানটি শারীরিক প্রতিবন্ধকতার শিকার ও প্রয়াত বিশ্বাসীদের জন্য ইসলামের একটি বিশেষ মানবিক ও সহজীকরণ ব্যবস্থা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)