আন্তর্জাতিক ডেস্ক
বিধ্বস্ত হওয়া সেসনা-৪৪১ মডেলের একটি বিমান ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার্ড বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছেন চালক ও যাত্রীসহ মোট আটজন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজ্যটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলীয় একটি সামরিক রাডার ঘাঁটির কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং সেনা কর্মকর্তারা।
এফএএ সূত্রে জানা গেছে, 'সেসনা ৪৪১' মডেলের বিমানটি অ্যাংকারেজ থেকে উড্ডয়ন করে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৪৫০ মাইল দূরে অবস্থিত কেপ নিউএনহামের দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে গন্তব্যের কাছাকাছি পৌঁছাতেই বিমানটি হঠাৎ আছড়ে পড়ে। বিমানটিতে দুই জন পাইলট ও ছয় জন যাত্রী ছিলেন। এটি পরিচালনা করছিল 'সিকিউরিটি এভিয়েশন' নামক একটি চার্টার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছালেও বিমানে থাকা ৮ জনের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। আলাস্কান কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি মূলত একটি বেসামরিক ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। যে স্থানে এটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেই কেপ নিউএনহাম বিমানবন্দরটি মূলত মার্কিন বিমান বাহিনীর রানওয়ে হিসেবে ব্যবহৃত হয় এবং সেখান থেকে একটি দূরপাল্লার রাডার সাইটে যাতায়াতের সুবিধা রয়েছে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার মূল কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।