আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার ভোরে বিহারের মুজফ্ফরপুরে একটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আগুন লেগে চার রোগীর মৃত্যু হয়। ছবি: সংগৃহীত
ভারতের দিল্লির পর এবার বিহারের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে বিহারের মুজফ্ফরপুরে একটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আগুন লেগে চার রোগীর মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে যাওয়া আরও বেশ কয়েকজন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হাসপাতালের ছয় তলায় অবস্থিত আইসিইউতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো ফ্লোর কালো ধোঁয়ায় ভরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দমকলকর্মী এবং স্থানীয় লোকজনের সহায়তায় ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মুজফ্ফরপুর দমকল বিভাগের প্রধান নিবাস পাণ্ডে ঘটনার বিবরণ দিয়ে বলেন, "ভোর ৩টা ৫৫ মিনিটে আমাদের কাছে হাসপাতালে আগুন লাগার খবর আসে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।" অন্যদিকে, জেলার শীর্ষ কর্মকর্তা জেলাশাসক সুব্রতকুমার সেন জানান, অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে ১৩ জন এবং সিসিইউতে বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুনে তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বুধবার সকালে দিল্লির মালবীয় নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন বিদেশীসহ ২১ জনের মৃত্যু হয়। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।