আশশারক আলআওসাত
ছবি: সংগৃহীত
গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সবচেয়ে মারাত্মক সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার দক্ষিণ ইরানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এর জবাবে তেহরানের পক্ষ থেকে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হয়েছে।
এই নতুন লড়াইয়ের ফলে মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি প্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে চলমান ভঙ্গুর কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। উল্লেখ্য, এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার প্রচেষ্টায় হরমুজ প্রণালী একটি অন্যতম প্রধান বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, বৃহস্পতিবার সকালে ইরানি বাহিনী হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টাকারী চারটি জাহাজে গুলি চালালে নতুন করে এই উত্তেজনা শুরু হয়। এর পরপরই নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে জানান, মার্কিন বাহিনী দক্ষিণ বন্দর এলাকা বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ স্টেশনে বিমান হামলা চালায়।
এই হামলার জবাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে:
"আজ সকালে বন্দর আব্বাস বিমানবন্দরের উপকণ্ঠে আক্রমণকারী মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার আগ্রাসনের পর, যে আমেরিকান বিমান ঘাঁটি থেকে এই হামলা চালানো হয়েছিল, ভোর ৪:৫০ মিনিটে (জিএমটি ০১:২০) সেটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।"
রেভল্যুশনারি গার্ডস আক্রান্ত মার্কিন ঘাঁটিটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি। তবে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তারা একটি "শত্রুভাবাপন্ন" হামলার বিরুদ্ধে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার আলোচনাকে এই সংঘর্ষ আরও অনিশ্চিত করে তুলেছে। প্রস্তাবিত চুক্তির একটি বড় ফোকাস ছিল হরমুজ প্রণালীতে সাধারণ জাহাজ চলাচল স্বাভাবিক করা। তেহরান বর্তমানে এই প্রণালীটি কার্যকরভাবে বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব পড়েছে, কারণ বিশ্বজুড়ে সরবরাহ হওয়া তেল ও গ্যাসের একটি বিশাল অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। হামলার খবরের পর বৃহস্পতিবার তেলের বাজারে দাম আবারও বেড়ে গেছে, যা আগের দিনের দরপতনকে বদলে দিয়েছে।
এদিকে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট লেবাননেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে (Tyre) আঘাত করেছে। এর আগে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেয় এবং জহরানি নদীর দক্ষিণের সমস্ত এলাকাকে "যুদ্ধ অঞ্চল" হিসেবে ঘোষণা করে। একই সাথে, মার্কিন ট্রেজারি বিভাগ বুধবার ইরানের 'গালফ স্ট্রেইট অথরিটি'র বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই সংস্থাটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায় করার দায়িত্বে নিয়োজিত ছিল।
চলতি সপ্তাহে ইরান কর্তৃপক্ষ তিন মাস বন্ধ রাখার পর আংশিকভাবে বৈশ্বিক ইন্টারনেট পরিষেবা চালু করেছে। তবে যুদ্ধের আশঙ্কা নতুন করে তৈরি হওয়ায় সাধারণ ইরানি নাগরিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা কাটছে না। তেহরানের এক সফটওয়্যার ডেভেলপার আমির (২৭) জানান, "এখনও কোনো কিছুই নিশ্চিত নয়। আমাদের প্রতিদিনের প্রশ্ন হলো— আজ রাতে কি ক্ষেপণাস্ত্র হামলা হবে?"