আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েই নানা পদক্ষেপ নিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েই নানা পদক্ষেপ নিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের স্কুলগুলোর জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হওয়ার আগে ‘বন্দে মাতরম’ গানটি বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, 'পূর্ববর্তী নির্দেশ বাতিল করে, পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হওয়ার আগে স্কুল অ্যাসেম্বলি বা প্রাতঃকালীন প্রার্থনার সময় ভারতের জাতীয় গান 'বন্দে মাতরম' গাওয়া তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক করা হয়েছে।'
এদিন সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হওয়ার আগে গাইতে হবে ‘বন্দে মাতরম’ গান। আগামী সোমবার থেকেই শুরু হবে এটি। শিগগিরই এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, তিনি নবান্নে গিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন।
শুভেন্দু বলেন, ‘আমি নবান্নে যাব। সব বিদ্যালয়ে সোমবার থেকে বন্দে মাতরম গেয়ে বিদ্যালয় (ক্লাস) শুরু করতে হবে। সেই নোটিশটা জারি করব।’
এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বলেন, ‘বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়। কেন্দ্রের তরফ থেকে এই বিষয়ে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর করতে দেয়নি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে।’
'বন্দে মাতরম'-এর অর্থ হলো 'মাতৃভূমিকে বন্দনা করি'। গানটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রধান অনুপ্রেরণা ও স্লোগান হিসেবে কাজ করেছিল। ১৯৫০ সালের ২৪ জানুয়ারি ভারতের গণপরিষদ এর প্রথম দুটি স্তবককে দেশটির জাতীয় গানের মর্যাদা দেয়। এটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গানটি সংস্কৃত ও বাংলা শব্দের সমন্বয়ে লেখা।