আন্তর্জাতিক ডেস্ক
এমকিউ-৪সি ট্রাইটন মডেলের এই ড্রোনটি উড্ডয়নরত অবস্থায় জরুরি সংকেত পাঠানোর পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ছবি: সংগৃহীত
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে টানা তিন ঘণ্টা নজরদারি শেষে ফেরার পথে নিখোঁজ হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন। বৃহস্পতিবার এমকিউ-৪সি ট্রাইটন মডেলের এই ড্রোনটি উড্ডয়নরত অবস্থায় জরুরি সংকেত পাঠানোর পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টিফোর-এর তথ্য অনুযায়ী, ড্রোনটি ইতালির সিগোনেললা নৌ ঘাঁটিতে ফিরছিল। ফেরার পথে হঠাৎ এটি ইরানের দিকে কিছুটা মোড় নেয় এবং আন্তর্জাতিক সাধারণ জরুরি সতর্কতা কোড ‘৭৭০০’ প্রেরণ করে। এরপর দ্রুত উচ্চতা কমিয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং একপর্যায়ে ট্র্যাকিং সিস্টেম থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, এই মনুষ্যবিহীন যানটি অত্যন্ত উঁচু দিয়ে উড়তে সক্ষম এবং এটি মূলত পি-৮এ পসাইডন পেট্রল বিমানের সহায়ক ‘চোখ’ হিসেবে সমুদ্রে বৃহৎ পরিসরে নজরদারি চালায়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র দুই দিনের মাথায় এই রহস্যময় ঘটনাটি ঘটল। ওই চুক্তির শর্ত অনুযায়ী, ইরান সম্প্রতি হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এই ড্রোন নিখোঁজের ঘটনা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।