ধ্রুব ডেস্ক
বাহরাইনের মানামায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ছবি: রয়টার্স
পারস্য উপসাগর ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো হামলা চালিয়েছে।
ইরানে মার্কিন-ইসরাইল যৌথ হামলার পর রক্ষণাত্মক হিসেবে ইরান প্রতিপক্ষের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।
রোববার বিবিসি ফার্সির খবরে বলা হয়েছে, নতুন করে দুবাই, দোহা ও বাহরাইনের মানামা, সৌদি আরবের রিয়াদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের হামলা চালানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
দুবাইতে আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় চারজন আহত হয়েছে। পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান হামলা
পারস্য উপসাগর ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি ইরান নিউজ নেটওয়ার্ককে এ কথা জানিয়েছেন।
এক বিবৃতিতে সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা কয়েকটি পর্যায়ের অভিযান চালিয়েছে, তবে বিস্তারিত আর কিছু জানায়নি।
ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা
ওমানের গুরুত্বপূর্ণ বন্দর দুকম বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, এই ঘটনায় একজন কর্মী আহত হয়েছে।
আরব সাগরের তীরে অবস্থিত এই বন্দরটি ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত বিকশিত হচ্ছে। এই দুকম বন্দরটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত।
রিয়াদে বিস্ফোরণের শব্দ
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। স্থানীয়দের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেখানে বেশ কয়েকটি জোরে শব্দ এবং ধোঁয়া উঠতে দেখা গেছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, তাদের সংবাদদাতাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ইরানেও ইসরাইলের হামলা
অন্যদিকে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টার্গেট করেছে। ইরানের রেভোলিউশনারি গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অভিযানের হুমকি দিয়েছে।
ইরানের হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা সেটি করলে যুক্তরাষ্ট্রও এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে দেখেনি। ইরানের শাসন সংশ্লিষ্ট টার্গেটে হামলা করছে ইসরাইল
ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের শাসকগোষ্ঠী সংশ্লিষ্ট টার্গেটগুলোতে হামলা শুরু করেছে।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত এক দিনে ইসরাইল ডিফেন্স ফোর্স বড় আকারের বিমান হামলা চালিয়েছে, যাতে করে ইরানের আকাশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করা এবং তেহরানের দিকে যাওয়ার পথ তৈরি করা যায়।’
ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সূত্র : বিবিসি, আলজাজিরা