নিজস্ব প্রতিবেদক
অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুমন আটক। ছবি: ধ্রুব নিউজ
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুমন (২৫) নামে এক দালালকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাবু দেবনাথের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের নানাভাবে প্রলোভন দেখিয়ে এবং ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতেন। তিনি সরকারি হাসপাতালের পরিবর্তে রোগীদের বাইরে নিয়ে নির্দিষ্ট কিছু প্রাইভেট ক্লিনিকে ভর্তি করিয়ে মোটা অঙ্কের কমিশন বা আর্থিক সুবিধা গ্রহণ করতেন বলে অভিযোগ রয়েছে।
রোববার দুপুরেও তিনি একইভাবে কয়েকজন রোগীর সাথে প্রতারণার চেষ্টা করার সময় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে হাসপাতাল প্রশাসনের নির্দেশে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে প্রথমে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আটক সুমনের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। একইসাথে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে এ ধরনের দালালচক্রের হাত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। কোনো ব্যক্তি বাইরে চিকিৎসা নেওয়ার জন্য প্রলোভন দেখালে বা চাপ সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।