নিজস্ব প্রতিবেদক
যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম রাসেল ছবি: ধ্রুব নিউজ
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম রাসেলকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে কোতোয়ালি থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে চেয়ারম্যান রাসেলকে আটক করে। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেলকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে থানা হেফাজতে সোপর্দ করা হয়। বর্তমানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।