নিজস্ব প্রতিবেদক
৩০ ফুট উচু খেজুর গাছে পাতায় আটকে আছে বিড়াল। ছবি: ধ্রুব নিউজ
৩০ ফুট উঁচু খেজুর গাছের পাতায় আটকে যাওয়া একটি বিড়ালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে দীর্ঘ চার ঘণ্টার উৎকণ্ঠার অবসান ঘটিয়ে যশোরের সদর উপজেলার আরবপুর ইউনিয়নের জামতলায় এই উদ্ধার অভিযান চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে বিড়ালটি ওই উঁচু খেজুর গাছের মাথায় উঠে আর নিচে নামতে পারছিল না। নামার কোনো পথ না পেয়ে ওপর থেকে অনবরত চিৎকার করতে থাকে প্রাণীটি। বিড়ালটির এই করুণ দশা দেখে স্থানীয়রা প্রথমে নিজেরা নামানোর চেষ্টা করে ব্যর্থ হন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
তথ্য পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এরপর কর্মীরা মই ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সাথে ওপরে ওঠেন এবং কোনো ক্ষতি ছাড়াই বিড়ালটিকে নিরাপদভাবে নিচে নামিয়ে আনেন। প্রাণীটি মাটি ছোঁয়ার সাথে সাথেই উপস্থিত এলাকাবাসীর মাঝে স্বস্তি ফেরে।
যশোর ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল ইসলাম বলেন, বিড়ালটা মুখ্য বিষয় নয়, প্রতিটি জীব উদ্ধার করাই আমাদের দায়িত্ব।