বিশেষ প্রতিবেদক
যশোর নিউটাউন বালিকা বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষ। প্রশ্নপত্র বিতরণের পূর্বে তোলা ছবি ছবি: ধ্রুব নিউজ
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার সকাল ১০টায় একযোগে এই পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে যশোর বোর্ডের আওতাধীন ১০ জেলায় পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ড সূত্রে জানা গেছে, নতুন প্রবর্তিত ‘পাবলিক পরীক্ষা (সংশোধিত) আইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণের মাধ্যমে এবার অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পরীক্ষা উপলক্ষে সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় বাড়তে থাকে। সকাল ৯টার পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করে। সাড়ে ৯টায় উত্তরপত্র (খাতা) ও ওএমআর শিট বিতরণের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা এবং ঠিক ১০টায় প্রশ্নপত্র প্রদানের মাধ্যমে মূল পরীক্ষা শুরু হয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডের আওতাধীন ১০ জেলার ২৯৯টি কেন্দ্রে মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা এবার ১ হাজার ১৮৩ জন বেশি। বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে ৩৯ হাজার ৪২৬ জন, মানবিকে ৮২ হাজার ৪১১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থী রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট ২ হাজার ৫৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ২৬৬ জন, অনিয়মিত ২৫ হাজার ৬৭৮ জন এবং মানোন্নয়ন (জিপিএ উন্নয়ন) পরীক্ষার জন্য লড়ছে ১৪৫ জন শিক্ষার্থী। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী যশোর জেলায় (২১ হাজার ৯৫৭ জন) এবং সবচেয়ে কম নড়াইল জেলায় (৬ হাজার ৬২ জন)।
বোর্ড কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, যথাযথ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে এবারের পরীক্ষা সম্পন্ন হবে।