নিজস্ব প্রতিবেদক
ড. আ ন ম এহসানুল হক মিলন ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আজ যশোর আসছেন। এ সফরে তিনি আসন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবদের সাথে সভা করবেন। এছাড়াও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে যবিপ্রবির প্রাথমিক আবেদন জমাদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সোমবার সকাল ১১টায় যশোর পিটিআই অডিটোরিয়ামে যশোর শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে সভা করবেন।
বিকেলে যবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিই প্রথম একাডেমিক গুণগত মান নিশ্চিতকরণে (অ্যাক্রেডিটেশন) একসাথে ১৪ টি বিভাগের জন্যে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের অবস্থান সুদৃঢ় করার পথ আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসব অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বিশেষ অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. তানজিমুদ্দিন খান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. নাসির উদ্দীন আহম্মেদ, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।