Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষা: সুযোগ থাকলেও বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১০:৫০ এ এম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১১:৩১ এ এম
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষা:  সুযোগ থাকলেও বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ দেওয়া হলেও আগ্রহ দেখাচ্ছেন না আড়াই লাখের বেশি শিক্ষার্থী। ১০টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা চার লাখ ২২ হাজার ৯০৫। 

গতকাল শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সংবাদ মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, ১০টি শিক্ষা বোর্ডে মোট এক লাখ ৫৮ হাজার ২৬৮ শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। একটি বোর্ডের তথ্য এখনও পাওয়া যায়নি। দ্রুত তথ্য পাঠাতে সংশ্লিষ্ট বোর্ডকে বলা হয়েছে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্যদের মধ্যে এক বিষয়ে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন রয়েছেন।

গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছিলেন, এক মাসের মধ্যে এসব পরীক্ষা নেওয়া হবে। এরপর ৫ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলে।

যশোর বোর্ডে আবেদন ৩৯ হাজার

যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ৩৯ হাজার ২২৭ শিক্ষার্থী। চলতি বছর এ বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এক লাখ ১২ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, পরীক্ষার প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি শেষ হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার প্রতিটি উপজেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে। প্রতি ৩০০ থেকে ৫০০ পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা যা বলেন

সুযোগ পেয়েও বিপুলসংখ্যক পরীক্ষার্থীর তা গ্রহণ না করার বিষয়ে অভিমত জানতে চাইলে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, দীর্ঘদিনের শিক্ষাজীবনে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও পাস করতে না পারার আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার পরিবর্তে অনেকে পরীক্ষা থেকে দূরে থাকাকেই নিরাপদ মনে করছেন।

রাশেদা কে চৌধুরীর মতে, পরীক্ষার ফল বিপর্যয়ের পর শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ইংরেজি ও আইসিটির মতো বিষয়ে দুর্বল শিক্ষার্থীরা মনে করছেন, অল্প সময়ে প্রস্তুতি নিয়ে ভালো করা সম্ভব নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কর্মমুখী শিক্ষা কিংবা বিকল্প পেশায় যাওয়ার চিন্তা।

অনেক শিক্ষাবিদ মনে করেন অকৃতকার্য হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য কার্যকর কাউন্সেলিং ও একাডেমিক সহায়তার ব্যবস্থা করা হয়নি। কোনো বিষয়ে কেন তারা পিছিয়ে পড়েছেন, কীভাবে অল্প সময়ে প্রস্তুতি নিয়ে উত্তীর্ণ হওয়া সম্ভব—এ বিষয়ে দিকনির্দেশনার অভাব রয়েছে। অনেক শিক্ষার্থী কলেজের নিয়মিত পাঠদান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার মতো পরিবেশও তারা পাচ্ছেন না।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে কেন এত বিপুলসংখ্যক শিক্ষার্থী দ্বিতীয় সুযোগ গ্রহণ করছে না, তা অনুসন্ধান করা জরুরি। শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে অনাগ্রহের কারণ চিহ্নিত করা। পাশাপাশি বিনামূল্যে বিশেষ ক্লাস, বিষয়ভিত্তিক পরামর্শ, অনলাইন প্রস্তুতি সহায়তা ও মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি ঝরে পড়ার ঝুঁকিও বাড়তে পারে।

পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

গত বৃহস্পতিবার সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন ইংরেজি প্রথম পত্র, ৩ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৪ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৬ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে। ১৭ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।

আগে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় বসতে হতো। সেক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। এবার বিশেষ ব্যবস্থায় দ্রুত সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের এক বছর অপেক্ষার প্রয়োজন হচ্ছে না।

সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। একই সুযোগ পাবেন উত্তরপত্র পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

অকৃতকার্যদের বিকল্প শিক্ষার প্রস্তাব

এদিকে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে গণসাক্ষরতা অভিযান। পুনঃপরীক্ষাতেও অকৃতকার্য হওয়া কিংবা পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা তরুণদের জন্য বিকল্প শিক্ষার পথ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

গত বুধবার রাজধানীর পর্যটন করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ প্রস্তাবনা তুলে ধরে সংস্থাটি। এতে বলা হয়, শুধু পরীক্ষায় ফের অংশ নেওয়ার সুযোগ দিলেই হবে না; যেসব শিক্ষার্থী শিক্ষাজীবন এগিয়ে নিতে পারবেন না, তাদের জন্যও বিকল্প দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইউরোপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। 

এ ছাড়া এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ বিধিবদ্ধ করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে গণসাক্ষরতা অভিযান। এতে কত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন, আবেদনের সময়সীমা, পরীক্ষা ফি, উত্তরপত্র মূল্যায়ন, দ্রুত ফল প্রকাশ এবং পরবর্তী সময়ে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রাখার কথা বলা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)