বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে ট্রাক থেকে নামানো হচ্ছে মরিচ ছবি: ধ্রুব নিউজ
ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় যশোরের শার্শা-বেনাপোলসহ আশপাশের বাজারগুলোতে দাম কমতে শুরু করেছে। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম কমেছে সর্বোচ্চ ২০০ টাকা। ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরের কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
সোমবার (১৭ আগস্ট) শার্শার বেনাপোল, নাভারন ও বাগআঁচড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিয়মিত আমদানি ও দেশীয় সরবরাহ বাড়ায় কাঁচা মরিচের সংকট কেটে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ৩ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ১০ কার্যদিবসে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ২৩৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে আরও কয়েকটি মরিচবোঝাই ট্রাক বেনাপোলে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব চালান দেশে ঢুকলে দাম আরও কমতে পারে।
উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৩ আগস্ট প্রথম চালানে ৯ হাজার ২০০ কেজি, ৪ আগস্ট ৪২ হাজার ২২০ কেজি, ৬ আগস্ট ১৪ হাজার কেজি, ৮ আগস্ট ১৫ হাজার কেজি, ৯ আগস্ট ১৪ হাজার কেজি, ১০ আগস্ট ১৪ হাজার কেজি, ১১ আগস্ট ৫৬ হাজার কেজি, ১২ আগস্ট ২৮ হাজার কেজি, ১৩ আগস্ট ২৮ হাজার কেজি এবং ১৬ আগস্ট ১৩ হাজার ৫০০ কেজি কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।
বেনাপোল বাজারের কাঁচা মরিচ বিক্রেতা রাশেদ আলী জানান, ভারত থেকে নিয়মিত আমদানির পাশাপাশি দেশীয় যোগান বাড়ায় বাজারে সরবরাহের ঘাটতি নেই, ফলে দাম কমেছে। বাজার করতে আসা রাসেল হোসেন বলেন, আগে অতি দামের কারণে ৫০ গ্রামের বেশি কেনা কঠিন ছিল, এখন ২০০ টাকা পর্যন্ত দাম কমে যাওয়ায় স্বস্তি পাচ্ছ।
কাঁচা মরিচ আমদানিকারক শামীম হোসেন বলেন, আমদানি অব্যাহত থাকলে দাম কমে ৫০ টাকা কেজিতে নেমে আসতে পারে, তখন আমদানিনির্ভর ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।