ধ্রুব ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
বিশ্বের সব দেশের পণ্যে ফের ১০% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, এখন সেটিকে আইনে অনুমোদিত সর্বোচ্চ মাত্রায় আরও ৫% বৃদ্ধি করে ১৫%'এ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের আমদানি করা সব পণ্যে আরোপিত অস্থায়ী শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করবেন।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার পূববর্তী শুল্ক কর্মসূচীকে অবৈধ ঘোষণার পর শুক্রবার আরেক আইনের অধীনে বিশ্বের সব দেশের পণ্যে ফের ১০% শুল্ক আরোপ করেন ট্রাম্প, এখন সেটিকে ওই আইনে অনুমোদিত সর্বোচ্চ মাত্রায় নিচ্ছেন তিনি; জানিয়েছে রয়টার্স।
গত বছর ট্রাম্প ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রয়োগ করে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে যে বিভিন্ন মাত্রার উচ্চ আমদানি শুল্ক আরোপ করেছিলেন সেখানে ক্ষমতার সীমা অতিক্রম করেছিলে বলে পর্যবেক্ষণ আদালতের।
সর্বোচ্চ আদালতের ওই রায়ের পর সেকশন ১২২ নামের পৃথক আরেক আইনে নতুন শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই আইনে সব ধরনের আমদানি পণ্যে তিনি সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারবেন। তবে আরোপ করার ১৫০ দিন পর মেয়াদ বাড়াতে চাইলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।
শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ওই ১৫০ দিন সময়কাল ব্যবহার করে অন্যান্য ‘আইন অনুমোদিত’ শুল্ক জারি করার জন্য কাজ করবেন। তার প্রশাসন জাতীয় নিরাপত্তা অথবা অন্যায্য বাণিজ্য অনুশীলনের তদন্তের ভিত্তিতে নির্দিষ্ট পণ্য বা দেশের ওপর আমদানি কর আরোপের অনুমতি দেয় এমন আরও দুটি আইনের ওপর নির্ভর করতে চায়।
ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি লিখেছেন, “আমি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, বিশ্বব্যাপী দেশগুলির ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ক বাড়াচ্ছি যা অবিলম্ব কার্যকর হবে, এসব দেশের অনেকে দশকের পর দশক ধরে কোনা উপযুক্ত শাস্তি ছাড়াই যুক্তরাষ্ট্রকে ‘ঠকাচ্ছে’ (আমি আসার আগ পর্যন্ত!), ১৫ শতাংশ স্তরটি সম্পূর্ণ অনুমোদিত ও আইনত পরীক্ষিত।”
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ৬-৩ ভোটে দেওয়া রায়ে ট্রাম্পের পূর্ববর্তী শুল্কের পদক্ষেপ অবৈধ ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ থেকে সরে আসার তেমন কোনো লক্ষণ দেখাননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি তিনি সুপ্রিম কোর্টের রায়কে ‘ভয়ানক’ আখ্যা দিয়েছেন এবং যেসব বিচারক তার বাণিজ্য নীতিকে প্রত্যাখ্যান করেছেন তাদেরকে ‘বোকা’ অভিহিত করে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এর পাশাপাশি জোর দিয়ে বলেছেন, তিনি যেমনটি উপযুক্ত মনে করবেন সে অনুযায়ী শুল্ক আরোপের ক্ষমতা বজায় রাখবেন।