বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দর ছবি: সংগৃহীত
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) সকাল থেকেই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড ও খালাস কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন।
তবে ভারত থেকে আসা যেসব ট্রাক পণ্য খালাস করেছে, সেগুলোর নিজ দেশে ফিরে যাওয়ার সুবিধার্থে চেকপোস্ট কার্গো শাখা খোলা রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় স্বাভাবিক হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
অন্যদিকে, ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি আগেই চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ী ও কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
এদিকে, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।