নিজস্ব প্রতিবেদক
আটক সাঈদ মেহেদী ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের বহুল আলোচিত আফিয়া আক্তার খুশি হত্যা মামলার প্রধান আসামি সাঈদ মেহেদীকে (৩০) আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাঈদ মেহেদী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঢেপুখালী পূর্বপাড়া গ্রামের মোশলেম গাজীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আফিয়া আক্তার খুশির সঙ্গে প্রেমের সম্পর্কের পর গোপনে বিয়ে করেন সাঈদ মেহেদী। এরপর তারা ঝিনাইদহ শহরে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল এবং সাঈদ মেহেদী প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন।
চলতি বছরের ১৩ মে সকালে ঝিনাইদহ শহরের বাসার দরজা খোলা দেখে প্রতিবেশী নাইটগার্ড বদর উদ্দিন মোল্যা ভেতরে প্রবেশ করে আফিয়া আক্তার খুশিকে ঘরের মেঝেতে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। পরে বাড়ির মালিক বেবী করিমকে বিষয়টি জানানো হলে তিনি ঝিনাইদহ সদর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পিতা ঝিনাইদহ সদর থানায় জামাই সাঈদ মেহেদীকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই সাঈদ মেহেদী পলাতক ছিলেন।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি-৩ যশোর এবং সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে পলাতক সাঈদ মেহেদীকে আটক করে।
আটক সাঈদ মেহেদীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।