নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট বাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে দুই ব্যক্তির ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। লাঠি ও লোহার রডের উপর্যুপরি আঘাতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে এই সহিংসতার ঘটনা ঘটে।
আহতরা হলেন— রামনগর ইউনিয়নের বাসিন্দা রেজাউল ইসলাম (৬০), পিতা নুরুল হোসেন এবং বিল্লাল হোসেন (৪০), পিতা বাবর আলী।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক নানা বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজ রাতে কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, একই গ্রামের বাসিন্দা মৃত সবুরের ছেলে রাকিব (২৫), ফারুকের ছেলে মানিক (২০) এবং আকবর আলীর ছেলে মিঠুন (৩০) সহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে রেজাউল ইসলাম ও বিল্লাল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে দুইজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত দুইজনই হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এই হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।