নিজস্ব প্রতিবেদক
যশোরে মারপিট, ভাঙচুর ও টাকা চুরির অভিযোগে ছেলে তৈমুর রেজা নয়নের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার মা। সোমবার যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক সোলাইমান মোল্যার স্ত্রী শাহানারা পারভীন বাদী হয়ে এ মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, অভিযুক্ত তৈমুর রেজা নয়ন উচ্চশিক্ষিত। তিনি ঢাকায় একটি কোম্পানিতে বছরখানেক চাকরি করার পর তা ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে আসেন। এরপর তিনি মোবাইল ফোনে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। বিষয়টি মা-বাবার নজরে এলে তারা তাকে জুয়া খেলতে নিষেধ করেন। এতে নয়ন ক্ষিপ্ত হয়ে তাদের গালিগালাজ শুরু করেন এবং প্রতিদিন টাকার জন্য বাড়িতে অশান্তি সৃষ্টি করতে থাকেন।
সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি বিকেলে নয়ন ফের টাকার দাবি তোলেন। মা-বাবা টাকা দিতে অস্বীকার করলে তিনি তাদের মারপিট করেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে ঘর থেকে ৫ হাজার টাকা নিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তিনি চলে যান। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে অবশেষে তার মা আদালতের দ্বারস্থ হয়েছেন।