নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিস চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। বৃহস্পতিবার সকালে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সঠিক পরিচর্যা করে সেগুলোকে বড় করে তুলতে হবে। যশোর জেলায় ফল ও ফুলের সুনাম রয়েছে। এগুলোকে বিদেশে রপ্তানি করতে হবে, আর বিদেশে পাঠাতে হলে অবশ্যই নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ মো. মিজানুর রহমান, মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোতাসিম আহম্মেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস। উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।