বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ছবি: এ আই প্রণীত
পানির তলদেশে লুকিয়ে থাকা সাবমেরিনের খোঁজ পাওয়া এবার আরও সহজ হতে যাচ্ছে। চীনা বিজ্ঞানীরা এমন এক যুগান্তকারী ও অত্যন্ত সংবেদনশীল চৌম্বক সেন্সর তৈরি করেছেন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার বা ১,৬৪০ ফুট গভীরে থাকা ইস্পাতের তৈরি সাবমেরিনের সামান্যতম চৌম্বকীয় সংকেতও তাত্ত্বিকভাবে নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম। খুদে এই প্রযুক্তির আকার একটি ধুলার দানার চেয়েও ছোট, যা ভবিষ্যতে নিত্যব্যবহার্য স্মার্টওয়াচের মতো ছোট স্মার্ট ডিভাইসে যুক্ত করার নতুন সম্ভাবনা উন্মোচন করেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, চীনা বিজ্ঞান একাডেমির (সিএএস) অধীনস্থ হেফেই ইনস্টিটিউটস অব ফিজিক্যাল সায়েন্স এবং নিংবো ইনস্টিটিউট অব ম্যাটেরিয়ালস টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। সেন্সরটির উদ্ভাবন নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা সাময়িকী ‘ফিজিক্যাল রিভিউ লেটার্স’-এ গত ১৭ জুলাই একটি বিস্তারিত গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়।
বিজ্ঞানীরা জানান, পানির গভীরে থাকা সাবমেরিনগুলো যখন চলাচল করে, তখন সেগুলোর ধাতব কাঠামো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে সূক্ষ্ম বিচ্যুতি ঘটায়। সাধারণ প্রযুক্তিতে সমুদ্রের বিশাল গভীরতায় এই অতি ক্ষুদ্র চৌম্বক পরিবর্তন ধরা প্রায় অসম্ভব হলেও নতুন এই ক্ষুদ্র সেন্সরটি অত্যন্ত নিখুঁতভাবে তা ধরে ফেলতে পারে। আকার ও মাত্রার দিক থেকে চমকপ্রদ এই উদ্ভাবন শুধু প্রতিরক্ষা বা সামরিক ক্ষেত্রে সাবমেরিন ট্র্যাকিং ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে না, বরং অতি ক্ষুদ্র ডিভাইসে উচ্চমানের সেন্সর প্রযুক্তি যুক্ত করার ক্ষেত্রেও নতুন এক মাইলফলক স্থাপন করবে।