বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৬ বছরের স্মৃতির ইতি টেনে দেশের টেলিকম বাজারে বিদায় নিল জনপ্রিয় ব্র্যান্ড 'এয়ারটেল'। তরুণ প্রজন্ম এবং আধুনিক ডিজিটাল গ্রাহকদের কথা মাথায় রেখে ব্র্যান্ডটিকে পুরোপুরি নতুন রূপ দিয়েছে রবি অজিয়াটা পিএলসি। 'এয়ারটেল' নাম বদলে এর নতুন নামকরণ করা হয়েছে 'সার্কেল'। সোমবার (১৭ আগস্ট) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে নতুন এই ব্র্যান্ডের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
কোম্পানি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এই পরিবর্তনটি নিছকই একটি ব্র্যান্ড রূপান্তর; এর ফলে গ্রাহকসেবায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আগের সব এয়ারটেল গ্রাহক এখন থেকে স্বয়ংক্রিয়ভাবেই 'সার্কেল'-এর আওতাভুক্ত হয়ে যাবেন। ফলে গ্রাহকদের ব্যবহৃত ‘০১৬’ সিরিজের মোবাইল নম্বর, চালু থাকা ইন্টারনেট ও কল প্যাকেজ কিংবা মেইন ব্যালেন্সের কোনো পরিবর্তন হবে না। এমনকি তাদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেট, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও আগের মতো অক্ষুণ্ণ থাকবে।
নতুন ব্র্যান্ডের রূপরেখা তুলে ধরে রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা জানান, গ্রাহকদের চাহিদা ও সংযোগের ধরন পরিবর্তনের সঙ্গেই মানিয়ে নিতে এই রূপান্তর। নাম বদলালেও সাশ্রয়ী ও মানসম্পন্ন সেবার যে মূল প্রতিশ্রুতি, তা অপরিবর্তিত থাকবে। 'রিয়েল কানেকশন, অলওয়েজ অন'—এই স্লোগানকে সামনে রেখে 'সার্কেল' মূলত জেন-জি ও তরুণদের মোবাইল গেমিং, কনটেন্ট তৈরি এবং অনলাইন কেন্দ্রিক চাহিদা পূরণে কাজ করবে। সেবার মান উন্নত করতে এতে যুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ হালনাগাদ প্রযুক্তি।
উল্লেখ্য, ২০১০ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা এয়ারটেল ২০১৬ সালে রবির সঙ্গে একীভূত হয়। একীভূত হওয়ার পর এতদিন এটি রবির অধীনে পৃথক একটি ব্র্যান্ড হিসেবে সেবা দিয়ে আসছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবে এয়ারটেল নামটি বিদায় নেওয়ায় দেশের ভোক্তা পর্যায়ে এই নামে আর কোনো কার্যক্রম থাকছে না। নির্বিঘ্ন সেবা সুনিশ্চিত করে গ্রাহকদের নিয়ে একটি শক্তিশালী ডিজিটাল কমিউনিটি গড়াই সার্কেলের প্রধান লক্ষ্য।