নিজস্ব প্রতিবেদক
শোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ
যশোর: রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ব্যস্ততার মাঝেও নিজ জনপদের মানুষের সাথে পূজার আনন্দ ভাগ করে নিতে যশোর এসেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কুষ্টিয়া ও ঝিনাইদহে সরকারি সফর শেষ সোমবার রাতে যশোরে পৌঁছেই তিনি ছুটে যান যশোরের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপে।
প্রতিমন্ত্রী প্রথমেই যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে গিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
সেখানে উপস্থিত ভক্তদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, "তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো—রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারেন।"
তিনি আরও বলেন, "পূজার সূচনালগ্ন থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএনপির নেতাকর্মীরা সনাতনী ভাই-বোনদের পাশাপাশি থেকে সহযোগিতা করে আসছেন। সবাই মিলেমিশে যেভাবে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছি, ঠিক একইভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনেও আত্মনিয়োগ করব। চব্বিশের গণঅভ্যুত্থান এবং গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের সেই শিক্ষাই দিয়েছে।" বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও রাষ্ট্র গঠনে সকল ধর্মের মানুষের অংশগ্রহণের সুযোগ অবারিত করেছেন বলে তিনি মন্তব্য করেন।
মিশনের কর্মসূচি শেষ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শহরের বেজপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানকার আলোকসজ্জা ও আয়োজন ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রীর মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল এবং রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।