নিজস্ব প্রতিবেদক
প্লে-শ্রেণির শিক্ষার্থী সোহানী পাঠককে ‘সুভগা’ রূপে পূজা করা হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরে নানা বর্ণাঢ্য আচার-অনুষ্ঠান ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর শহরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে ভক্তদের উপচে পড়া উপস্থিতিতে কুমারী পূজা এবং সন্ধিপূজা সম্পন্ন হয়।
আশ্রম সূত্রে জানা যায়, সোমবার সকাল ৫টায় মহাষ্টমী পূজার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় পরম শ্রদ্ধেয় কুমারী পূজা। এবার শাস্ত্রমতে যশোর বেজপাড়ার বাসিন্দা সোহাগ পাঠক ও মল্লিকা পাঠকের পাঁচ বছর বয়সী কন্যা, প্লে-শ্রেণির শিক্ষার্থী সোহানী পাঠককে ‘সুভগা’ রূপে পূজা করা হয়।
কুমারী পূজা শেষে দেবী দুর্গার পায়ে অঞ্জলি প্রদান করেন হাজারো ভক্ত ও দর্শনার্থী। এসময় জগত ও মানবজাতির কল্যাণ কামনায় ভক্তরা বিশেষ প্রার্থনায় অংশ নেন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এদিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে ১টা ৪৬ মিনিট এবং পরবর্তীতে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট থেকে ৭টা ১ মিনিট পর্যন্ত অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী দেবীর মহাগুরুত্বপূর্ণ ‘সন্ধিপূজা’। পূজা শেষে অসুর শক্তির বিনাশ ও অশুভ দূরীকরণের প্রতীকে চালকুমড়ো, ইক্ষু গাছ ও পাকা কলা বলি দেওয়া হয়।
পূজার ধর্মীয় ব্যাখ্যা দিতে গিয়ে আশ্রমের পুরোহিতরা জানান, অষ্টমী ও নবমীর সংযোগস্থলের বিশেষ ৪৮ মিনিটে দেবী চামুণ্ডা রূপ ধারণ করে চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বিনাশ করেছিলেন। তাই শাস্ত্র মতে এই সময়টিকে অত্যন্ত পবিত্র বিবেচনা করে সন্ধিপূজা আয়োজন করা হয়।
যশোর রামকৃষ্ণ আশ্রমে পূজায় মূল পুরোহিতের দায়িত্ব পালন করেন প্রণয় চক্রবর্তী এবং তন্ত্রধারী পুরোহিত ছিলেন শক্তিপ্রসাদ গাঙ্গুলী। অনুষ্ঠানসমূহের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ ও সহসম্পাদক স্বামী আত্মবিভানন্দ।
মঙ্গলবার মহানবমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬টায় রামকৃষ্ণ আশ্রম ও মিশনে এ পূজা শুরু হওয়ার কথা রয়েছে। এতে শাস্ত্রমতে ১০৮টি নীল পদ্ম ও প্রদীপ দিয়ে দেবীর পূজা সম্পন্ন করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের ছয় দিনব্যাপী শারদীয় উৎসবের। দশমীর দিন সকাল সাড়ে ৬টায় কল্পারম্ভ এবং সকাল ৮টা ৫২ মিনিটের মধ্যে দর্পণ বিসর্জন সম্পন্ন হবে। সন্ধ্যা আরাত্রিকের পর প্রতিমা নিরঞ্জন এবং শান্তিজল সিঞ্চনের মাধ্যমে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন।