নিজস্ব প্রতিবেদক
ত্রিমুখি সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় মামলা, চালক কারাগারে ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে কাভার্ড ভ্যানের সাথে ইজিবাইক ও ভ্যানের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। চাউলিয়া গ্রামের নিহত ভ্যান চালক আনোয়ার হোসেনের স্ত্রী লিপি খাতুন এ মামলা করেছেন।
মামলার আসামি কভার্ডভ্যান (ঢাকা মেট্টো-ট-১৮-০৩২৩) চালক মাসুদুর রহমানকে আটক করেছে পুলিশ । রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে তার স্বামী ভ্যান নিয়ে চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে পৌছালে বিপরীত দিক দিয়ে আসা কাভার্ডভ্যানটি তার ভ্যান ও একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ভ্যান ও ইজিবাইক দমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তার স্বামী আনোয়ার হোসেন, যাত্রী বৃষ্টি রাণী সাহা, তার শিশুপুত্র সৌভিক সাহা ও ইজিবাইক চালক ঘুনি পূর্বপাড়ার আইয়ুব হোসেন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যান চালককে আটক করে এবং কাভার্ডভ্যানে আগুন লাগিয়ে দেয়।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইয়াসির আরাফাত জানান, জনগণ কর্তৃক আটক চালক মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধ্রুব/এস.আই