বাঁকড়া(ঝিকরগাছা) প্রতিনিধি
যশোর যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোসলেহ উদ্দিন ফরিদ ঝিকরগাছার বাঁকড়া বাজারে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টা থেকে তিনি বাজারের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন।
প্রচারণার শুরুতে বাঁকড়া ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ড. মোসলেহ উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা 'দাঁড়িপাল্লা' প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।
গণসংযোগ চলাকালে ড. মোসলেহ উদ্দিন ফরিদ স্থানীয় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মাসুদ (রা.) কওমি মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে তিনি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া চান।
নির্বাচনী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম ও অধ্যাপক জয়নাল আবদীন, উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম এবং উপজেলা কর্মপরিষদ সদস্য রেজাউল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওলামা বিভাগের সভাপতি অ্যাডভোকেট মুফতি আবু জাফর, বাঁকড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি অধ্যাপক মামুনুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে ড. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, এলাকার উন্নয়ন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে জনগণ এবার পরিবর্তন চায়। তিনি আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।