ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) দিন নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভিকটিম রামিসার পরিবার পল্লবী থানার সেকশন-১১ এর ব্লক-বি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবা বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
গত ১৯ মে ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রধান আসামি সোহেল রানা। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর গত ২১ মে আসামি সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গত ২৫ মে সোহেল ও স্বপ্না দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। গত ১ জুন মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিচার শুরু হওয়ার পর মাত্র একদিনেই রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আদালত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া হত্যাকাণ্ডের অপরাধে সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ওই জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের পরিশোধের নির্দেশ দেন বিচারিক আদালত। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় দ্রুত বিচার সম্পন্ন করে এই রায় দেওয়া হয়েছিল।
নিম্ন আদালতের সেই রায়ের পর নিয়ম অনুযায়ী মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত দুই আসামিও হাইকোর্টে জেল আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে এখন এই বহুল আলোচিত মামলার চূড়ান্ত রায়ের অপেক্ষায় দেশবাসী।