নিজস্ব প্রতিবেদক
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর শাখার উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রতীকী হজ শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর শাখার উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রতীকী হজ শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার স্কুল অডিটোরিয়ামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সারাফাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষুদে শিক্ষার্থীদের এই সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রতীকী হজের মাধ্যমে শিশুদের মনে এখনই হজ করার তীব্র বাসনা তৈরি হয়েছে। সমাজ গঠনে নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, আজ সমাজে শিক্ষিত মানুষেরাই বেশি অপরাধ ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। তাই সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর চেয়েও বড় অর্জন হলো তাকে একজন ‘ভালো মানুষ’ হিসেবে গড়ে তোলা।
স্কুলটির অতীত প্রেক্ষাপট টেনে তিনি বলেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. জাকির নায়েকের উদ্যোগে এক সময় এই ধারা শুরু হয়েছিল। তৎকালীন সরকার তা বন্ধ করে দিলেও 'পিস স্কুল' মানুষের আগ্রহের জায়গা ধরে রেখেছে। সরকারি স্কুলে বিনামূল্যে পড়ার সুযোগ থাকার পরও অভিভাবকরা ভালো মানুষ গড়ার লক্ষ্যেই বেশি খরচ করে সন্তানদের এখানে পড়াচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলার সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসেন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রাশেদুজ্জামান রতন, স্কুলের চেয়ারম্যান আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আজম ও এডমিন মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।