ধ্রুব ডেস্ক
রাজধানীর কমলাপুর বালুর মাঠ ঈদের কোরবানির পশুর হাটে এবার দর্শনার্থীদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি গোলাপি রঙের মহিষ। উত্তর কোরিয়ার নেতা ‘কিম জন উন’ এর সঙ্গে মিল রেখে মহিষটির নাম রাখা হয়েছে ‘কিম জং উন’। নাটোরের গুরুদাসপুর থেকে আনা এই মহিষ দেখতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা।
প্রায় সাড়ে নয় মণ ওজনের মহিষটির মালিক সোহান জানান, খুব যত্নে তিনি মহিষটিকে লালন-পালন করেছেন। নিয়মিত গোসল করানো থেকে শুরু করে খাওয়ানো সবকিছুই নিজ হাতে করেছেন। তিনি বলেন, ‘মহিষটিকে কোনো ধরনের মেডিসিন খাওয়ানো হয়নি। খড়কুটো, কাঁচা ঘাস, ধানের তুষ, ভাঙা ভুট্টা ও গমের ভুসিই ছিল এর প্রধান খাবার।’
দাম সম্পর্কে জানতে চাইলে সোহান বলেন, মহিষটি থেকে প্রায় সাড়ে নয় মণ মাংস পাওয়া যাবে। বর্তমান বাজারদর অনুযায়ী এর দাম পাঁচ লাখ টাকা চাওয়া হচ্ছে। তবে সাড়ে চার লাখ টাকা পেলেও তিনি বিক্রি করতে রাজি আছেন।
তিনি আরও বলেন, প্রতিদিন অনেক মানুষ মহিষটি দেখতে আসছেন, দামও জানতে চাইছেন। তবে আমি যে দাম বলছি, সেই দামেই বিক্রি হবে এমন নিশ্চয়তা নেই। ক্রেতা-বিক্রেতার দরদামের ভিত্তিতেই শেষ পর্যন্ত বিক্রি করা হবে।
এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা দেখা মেলে ব্যতিক্রমী এক গোলাপি মহিষের। সাড়ে তিন বছর বয়সি এলবিনো জাতের মহিষটির মাথার চুল তুলনামূলক বড়। খামারিরা তার নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষটির চলাফেরাতেও আছে রাজকীয় ভাব। সব মিলিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে মহিষটি।
এদিকে, পিরোজপুরে কোরবানির ঈদের বাজার মাতাতে প্রস্তুত করা হয়েছে ব্যতিক্রমধর্মী দুটি বিশাল আকৃতির গরু ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘লালু’। নামের মতোই তাদের আচরণ ও উপস্থিতিও নজর কাড়ছে সবার। বিশেষ করে চুলের স্টাইল ও চোখের গঠন দেখে খামারের মালিক মজার ছলে একজনের নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।