Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ট্রেইনিং ক্যাম্প আমেরিকা থেকে মেক্সিকোতে স্থানান্তর করলো ইরান

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ১১:৫৫ এ এম
ট্রেইনিং ক্যাম্প আমেরিকা থেকে মেক্সিকোতে স্থানান্তর করলো ইরান

ইরান জাতীয় ফুটবল দল ছবি: গেটি ইমেজেস স্পোর্ট

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ক্যাম্পে বড়সড় পরিবর্তন এনেছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল দেশটি। অবশেষে সেই আবেদনে সাড়া দিয়েছে ফিফা। ফলে পূর্বনির্ধারিত আমেরিকার অ্যারিজোনা রাজ্যের পরিবর্তে এখন মেক্সিকোতে বিশ্বকাপের মূল ঘাঁটি বা ট্রেইনিং বেস ক্যাম্প স্থাপন করবে ইরান জাতীয় ফুটবল দল।

ইরান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তাদের জাতীয় দল এর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প স্থানান্তরের প্রস্তাবটি ফিফা অনুমোদন করেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আমেরিকার অ্যারিজোনার 'টাকসন' শহরের 'কিনো স্পোর্টস কমপ্লেক্সে' তাদের অনুশীলনের কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্ত পেরিয়ে মেক্সিকোর 'টিজুয়ানা' শহরে নিজেদের বেস ক্যাম্প তৈরি করতে যাচ্ছে তারা।

বার্তা সংস্থা এপি-এর বরাতে জানা গেছে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক আলোচনার পর এই বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে নিজেদের দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে ইরান।

মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণেই আমেরিকার মাটিতে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল ইরানি প্রশাসন। আমেরিকার মাটিতে অবস্থানকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা তৈরি হতে পারে—এমন আশঙ্কা থেকেই নিরাপত্তা কর্মকর্তা এবং ফেডারেশনের নীতিনির্ধারকেরা বিকল্প ভেন্যুর খোঁজ শুরু করেন।

সান ডিয়েগোর ঠিক দক্ষিণে অবস্থিত মেক্সিকোর টিজুয়ানা শহরটিকে তুলনামূলকভাবে বেশি নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশ হিসেবে বেছে নিয়েছে ইরান। নতুন এই ক্যাম্পের সুযোগ-সুবিধা নিয়ে ফেডারেশন জানিয়েছে, খেলোয়াড়দের জন্য সেখানে বিশ্বমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। নতুন ভেন্যুতে আধুনিক জিমনেসিয়াম, উন্নতমানের পিচ, নিজস্ব রেস্তোরাঁসহ একটি ফুটবল দলের যা কিছু প্রয়োজন, তার সবকিছুরই ব্যবস্থা রয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশের বেস ক্যাম্প বা অনুশীলন ভেন্যু ফিফা কর্তৃক অনুমোদিত হতে হয়। এই প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে ফেডারেশন সভাপতি মেহেদি তাজ বলেন:

"বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের বেস ক্যাম্প ফিফার নিয়মের অধীনে থাকে। আনন্দের বিষয় হলো, আমরা ইস্তাম্বুলে ফিফা এবং বিশ্বকাপ কমিটির কর্মকর্তাদের সাথে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করেছি। এরপর গতকাল তেহরান থেকে ফিফার সম্মানিত সাধারণ সম্পাদকের সাথে আমাদের একটি ওয়েবিনার (অনলাইন বৈঠক) অনুষ্ঠিত হয়। আমাদের সব আবেদন ও যুক্তি বিবেচনা করে ফিফা অবশেষে আমাদের ট্রেইনিং বেস আমেরিকা থেকে মেক্সিকোতে স্থানান্তরের অনুমতি দিয়েছে।"

ভূ-রাজনৈতিক বৈরিতার কারণে মাঠের বাইরের এই নাটকীয়তা বিশ্বকাপের আগে ইরানের ফুটবলারদের মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। তবে মেক্সিকোর শান্ত পরিবেশে নিজেদের সেরাটা উজার করে দিতে এখন থেকেই ছক কষছে টিম মেল্লি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)