নিজস্ব প্রতিবেদক
সারাদেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যশোরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত। ছবি: সংগৃহীত
যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যশোরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে বৃহস্পতিবার সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। ঈদের নামাজ আদায় শেষে মুসলিম উম্মাহর নাজাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা।
বৃহস্পতিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় । এতে অংশ নেন শহর ও আশপাশের এলাকার হাজারো মুসল্লি । একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় । নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

যশোরে ঈদুল আজহা উদযাপন, কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিরা।
কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান এবং সবাইকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের আনন্দ যেন কোনো দুর্ঘটনায় ম্লান না হয়, সেজন্য মোটরসাইকেল চালকদের সতর্ক থাকতে হবে। তিনি আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, “কোরবানির পাশাপাশি আমাদের অন্তরের পশুত্বকেও কোরবানি করতে হবে।”
এ সময় ঈদের শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এছাড়া ঈদের জামাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা।
ঈদের নামাজ শেষে পৌরসভা ও জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় পশু কোরবানি। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত সর্বত্র গরু, ছাগল ও অন্যান্য পশু কোরবানিতে ব্যস্ত সময় পার করছেন মুসলমানরা।
এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঈদগাহ, গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে ।
সব মিলিয়ে ধর্মীয় মহিমা, সম্প্রীতি , ত্যাগের ও আনন্দে ভরে উঠেছে যশোরের ঈদ উদযাপন।
ধ্রুব/এস.আই