বেনাপোল (যশোর) প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে শার্শা উপজেলা বিএনপি। সভা থেকে আগামী ৩০ মে ব্যাপক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার বিকেল চারটায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী এবং মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগম। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এবং ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সভায় নেতারা জানান, আগামী ৩০ মে মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।