Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাড়িওয়ালা-ভাড়াটিয়া লুকোচুরি: পুলিশ ডাকতেই বাথরুমের ডাউন ছাদে মিলল গৃহকর্ত্রীকে!

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৬ এপ্রিল,২০২৬, ০৮:১৭ পিএম
বাড়িওয়ালা-ভাড়াটিয়া লুকোচুরি: পুলিশ ডাকতেই বাথরুমের ডাউন ছাদে মিলল গৃহকর্ত্রীকে!

বাথরুমের বক্স ছাদে লুকিয়ে ভাড়াটিয়া। ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার ‘স্বপ্নপুরী’ বাড়িতে যেন এক রুদ্ধশ্বাস লুকোচুরি খেলা মঞ্চস্থ হলো। পাওনা ভাড়ার জেরে বাড়ির মালিকের ডাকাডাকিতে সাড়া না দিয়ে বাথরুমের বক্স ছাদে (ডাউন ছাদ) লুকিয়ে রইলেন ভাড়াটিয়া। শেষমেশ পুলিশের তল্লাশিতে সেই ‘গুপ্তঘর’ থেকে উদ্ধার করা হলো ময়না বেগম নামের ওই নারীকে। সোমবার দুপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক হাস্যরস ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার আফজাল হোসেন খানের বাড়িতে দীর্ঘ ৭ বছর ধরে ভাড়া থাকেন ময়না বেগম। কিন্তু গত ৫ মাস ধরে ৩৬ হাজার টাকা ভাড়া বকেয়া থাকায় তাদের মধ্যে টানাপোড়েন চলছিল। সোমবার সকালে বাড়ির মালিক সংস্কার কাজের জন্য শ্রমিক পাঠালে তারা ভেতর থেকে তালাবদ্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকিতেও সাড়াশব্দ না মেলায় বাড়িওয়ালার সন্দেহ হয় এবং তিনি কোতোয়ালি থানায় খবর দেন।

খবর পেয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর প্রভা নামের এক তরুণীর দেখা পান। প্রভা দরজা খুলে দাবি করেন, তার খালা ময়না বেগম বাড়িতে নেই। তবে পুলিশের সন্দেহ হওয়ায় ঘর তল্লাশি শুরু হয়। এক পর্যায়ে বাথরুমের ওপরের সরু জায়গায় (বক্স ছাদে) ময়না বেগমকে কুঁকড়ে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

পুলিশি জেরার মুখে ময়না বেগম দাবি করেন, গত রাতে জনৈক ‘বাবু’ নামের এক ব্যক্তি এসে তাকে বিরক্ত করেছিল। সকালে শ্রমিক ও পুলিশের হট্টগোল শুনে তিনি ভেবেছিলেন বাবু আবারও লোকজন নিয়ে হামলা করেছে, তাই ভয়ে তিনি বাথরুমের ছাদে আত্মগোপন করেছিলেন।

তবে এই ‘নাটকীয়’ লুকোচুরিতে ক্ষুব্ধ বাড়ির মালিক ডাক্তার আফজাল হোসেন তাকে অবিলম্বে বাসা ছাড়ার নির্দেশ দেন। এলাকাবাসীও এই অদ্ভুত কাণ্ডে ক্ষোভ প্রকাশ করে তাকে তিন দিনের মধ্যে এলাকা ছাড়ার সময় বেঁধে দিয়েছেন। এসআই ওয়াহিদুজ্জামান জানান, অনৈতিক কিছু না পাওয়ায় এবং অভিযোগ না থাকায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চলে আসে। তবে এই ‘বক্স ছাদ’ উদ্ধার অভিযান এখন পাড়ার মানুষের মুখে মুখে ফিরছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)