❒ স্থানীয় সেতু ঢালাই কাজের উদ্বোধন
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
ঝিকরগাছা এলাকায় গুরুত্বপূর্ণ দুটি সেতু নির্মাণ প্রকল্পের ছাদ ঢালাই কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার মানুষের দীর্ঘ দিনের সমস্যার সমাধান হচ্ছে। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ স্থানীয় বিএনপি নেতাকে সঙ্গে নিয়ে ওই দুটি সেতুর উদ্বোধন করেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকৃত প্রকল্পের একটি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর খালের ওপর নির্মাণাধীন সাড়ে নয় মিটার দৈর্ঘ্যের সেতু। অপরটি শিমুলিয়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বোধখানা সড়কে নির্মাণাধীন একই দৈর্ঘ্যের আরেকটি সেতু। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও চলাচলের দুর্ভোগ লাঘবে সেতু দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ছুটিপুর সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধনের সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
দুটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রতিটির জন্য ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা। প্রকল্প দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং তত্ত্বাবধানে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
উদ্বোধন অনুষ্ঠানে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, জনগণকে সঙ্গে নিয়েই তিনি সকল উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চান। রাজনৈতিক বিভেদ ভুলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি কপোতাক্ষ ও বেতনা নদ সংযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ছুটিপুর-যশোর ব্রিজ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সরকার খাল খননের ওপর যে গুরুত্ব দিয়েছে তা সময়োপযোগী উল্লেখ করে তিনি স্থানীয় সুশীল সমাজকে সম্পৃক্ত করে উন্নয়ন প্রকল্প তদারকি কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বদ্ধ ও পুনঃখননযোগ্য খালের তালিকা প্রস্তুতের কাজ ঝিকরগাছা উপজেলায় শেষ পর্যায়ে রয়েছে। তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরও জানান, বর্তমানে উপজেলায় ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে জলাবদ্ধতা দূর হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা সৃষ্টি হবে।