নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং জনভোগান্তি দূর করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার কথা জানান পুলিশ সুপার ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং জনভোগান্তি দূর করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে জেলা পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানানো হয়।
সভায় যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শহরের যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও পদক্ষেপ তুলে ধরেন:
যশোর শহরের পাঁচটি পয়েন্ট যেখানে যানবাহন প্রবেশ ও বের হয়, সেখানে ট্রাফিক পুলিশ এবং জেলা পুলিশের সমন্বিত টিম মোতায়েন করা হবে।
শহরের প্রধান সড়কগুলোতে অনিয়ন্ত্রিত ইজিবাইক চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্সবিহীন ও অবৈধভাবে চলাচলকারী ইজিবাইকের বিরুদ্ধে পৌরসভা অভিযান চালালে পুলিশ তাতে সর্বাত্মক সহযোগিতা করবে।
বিভিন্ন ইউনিয়ন বা থানা পর্যায় থেকে আসা ইজিবাইকগুলো শহরের নির্দিষ্ট সীমানার ভেতরে প্রবেশ করতে পারবে না।
কঠোর নিয়ন্ত্রণের মাঝেও রোগী বা গুরুতর অসুস্থ ব্যক্তিদের বহনকারী যানবাহনের ক্ষেত্রে মানবিক বিবেচনায় বিশেষ ছাড় দেওয়া হবে।
ইজিবাইকের ক্ষেত্রে লাইসেন্স জালিয়াতি বা অতিরিক্ত লাইসেন্সের বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী পুলিশের এই পরিকল্পনাকে স্বাগত জানান এবং জনস্বার্থে এগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইরুফা সুলতানা সহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।