নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কল্যাণ অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয় ছবি: ধ্রুব নিউজ
সাংবাদিকদের কল্যাণে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২৭ লাখ টাকার অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও যশোর জেলা প্রশাসনের যৌথ আয়োজনে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার সাংবাদিক ও তাঁদের সন্তানরা উপকৃত হয়েছেন।
অনুষ্ঠানে জানানো হয়, যশোর ও মাগুরা জেলার মোট ২৯ জন অসুস্থ, অসচ্ছল ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিককে কল্যাণ অনুদান সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের সন্তানদের মাঝে মোট ৬৫টি শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এর মধ্যে যশোরে ৩৮ জন, কুষ্টিয়ায় ১৪ জন, মাগুরায় ১১ জন এবং চুয়াডাঙ্গায় ২ জন শিক্ষার্থী এই বৃত্তি লাভ করেন। সব মিলিয়ে মোট ৯৪টি চেক বিতরণ করা হয়েছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে তাঁদের নানাবিধ ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। অনেক সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা অসুস্থতা, দুর্ঘটনা কিংবা আর্থিক সংকটে পড়েন। সে সময় তাঁদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক ও সামাজিক দায়িত্ব।” তিনি আরও বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে নিয়মিত অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান সরকারের মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের সহায়তায় ট্রাস্ট নিরলসভাবে কাজ করছে। শিক্ষাবৃত্তি কার্যক্রমের মাধ্যমে সাংবাদিক সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা উচ্চশিক্ষায় এগিয়ে গিয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান বলেন, যশোর জেলার সাংবাদিকরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করছেন। তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাঁরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের কল্যাণে সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং জেলা প্রশাসন সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।
অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচিত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের হাতে কল্যাণ অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। চেক গ্রহণকারীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।