নিজস্ব প্রতিবেদক
যশোর কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবি: ধ্রুব নিউজ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকারি কর্মকর্তারা জড়তাহীনভাবে কাজ করলে তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। কাজ করার জন্য কাউকে বিএনপি হতে হবে না; জনভোগান্তি দূর করে জনসেবা নিশ্চিত করতে পারলে আপনাদের কোনো শঙ্কার কারণ নেই। তিনি আরও বলেন, পদোন্নতি পেতে বা চাকরিতে ভালো অবস্থানে থাকতে দলীয় পরিচয়ের প্রয়োজন নেই, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করলেই হবে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইরুফা সুলতানা, জেলা পুলিশের নয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন সার্কেল অফিসারবৃন্দসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন সীমাবদ্ধতা ও সমস্যার কথা তুলে ধরেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি কর্মকর্তাদের নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।