নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর নিউমার্কেটে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই ডেইরি ব্যবসা পরিচালনার দায়ে অর্পণ ঘোষ ডেইরিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআইয়ের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি ডেইরি ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক রাকিব ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।