Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পলাতক আসামি ও অপরাধীদের অবৈধ পারাপার ঠেকাতে যশোর বিজিবির বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৬:১১ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৬:৩৮ পিএম
পলাতক আসামি ও অপরাধীদের অবৈধ পারাপার ঠেকাতে যশোর বিজিবির বিশেষ ব্যবস্থা

বিজিবি সংবাদ সম্মেলন ছবি: ধ্রুব নিউজ

পলাতক ও ফেরারি আসামি, অপরাধী চক্র এবং দুষ্কৃতকারীদের অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র প্রবেশ, মানবপাচার এবং দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা রোধে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও জনবল। আধুনিক প্রযুক্তির সহায়তায় দিন-রাত চলছে বিশেষ নজরদারি।

রোববার (১৫ নভেম্বর) যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্চলাইট, নাইট ভিশন গগলস, ড্রোন, সিসি ক্যামেরা ও নাইট ভিশন বাইনোকুলারসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে দুর্গম সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, পলাতক ও ফেরারি আসামিদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতাকারী দালাল চক্রের তৎপরতা বন্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং ও মতবিনিময় সভা করা হচ্ছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো অপরিচিত, বিতর্কিত বা সন্দেহভাজন ব্যক্তিকে চলাফেরা করতে দেখলে কিংবা কাউকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে দেখলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদ সম্মেলনে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। অবৈধ সীমান্ত পারাপারের রুট, মানবপাচারকারী দালাল চক্র কিংবা অপরাধীদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার এবং দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হয়।

এ ছাড়া জরুরি তথ্য প্রদানের জন্য বিজিবির নির্ধারিত হটলাইন নম্বর ০১৭৬৯৬০৪১১৫ চালু রয়েছে বলে জানানো হয়। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তথ্যের ভিত্তিতে বিশেষ পুরস্কার দেওয়ার কথাও জানায় বিজিবি।

সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে বলা হয়, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)