নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে যশোর শহরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারের কাজে সংহতি জানিয়েছে জেলা বিএনপি। রোববার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি আর্থিক সহযোগিতাও করেন।
এ সময় তিনি বলেন, ‘বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে ডা. ঊষার এই মহৎ উদ্যোগ পরিদর্শনে এসেছি। আমরা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এ কাজে সব ধরনের সহযোগিতা করব।’
তিনি আরও বলেন, ‘ভৈরব নদ নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের একটি মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) রয়েছে। বিশেষ করে নদটিকে দূষণ ও দখলের হাত থেকে রক্ষাসহ পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এর পাশাপাশি শহরের যানজট নিরসনে ভৈরব নদের ওপর গরীব শাহর মাজারের পাশ থেকে নতুন সেতু নির্মাণ, কাঠেরপুল সেতুর প্রশস্তকরণ এবং বর্তমান সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে প্রতিমন্ত্রী তার এই পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন।’
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।