নিজস্ব প্রতিবেদক
আটক স্বামী আতিয়ার রহমান, নিহত শাহানারা খুতুন(ইনসেটে) ছবি: ধ্রুব নিউজ
যশোরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর থানায় গিয়ে পুলিশের কাছে হত্যার তথ্য দেন স্বামী। পারিবারিক কলহের জেরে শুক্রবার ভোরে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলা পেপসি গোডাউনের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। শুক্রবার ভোরে স্বামী আতিয়ার রহমান তার স্ত্রী শাহনাজ খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর আতিয়ার রহমান নিজেই যশোর কোতোয়ালি থানায় গিয়ে পুলিশকে খবর দেন এবং স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছেলে রায়হান (১৮) জানায়, বাবা ও মায়ের মধ্যে বিয়ের পর থেকেই নানা কারণে পারিবারিক বিরোধ চলে আসছিল। একপর্যায়ে তাদের মধ্যে একবার তালাকও হয়েছিল। পরবর্তীতে পুনরায় তাদের সংসার শুরু হলেও প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। এরই জেরে তার বাবা মাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরও) ডা. রাজিব রায় চৌধুরী লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন। ময়নাতদন্ত শেষে তিনি জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী শাহনাজ খাতুনকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। তবে পরীক্ষার প্রতিবেদন পেলে মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, হত্যার ঘটনা ঘটে ভোরে, তবে সকাল সাড়ে আটটার পর স্বামী আতিয়ার রহমান নিজেই থানায় এসে হত্যার বিষয়টি জানায়। তাকে হেফাজতে নিয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।