বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫ কেজি গাঁজা, ৭৪ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, একটি মোটরসাইকেল, ১১২টি কোটের টাই, ৪০ প্যাকেট ফুসকা, ১ হাজার ৮২৩টি ভারতীয় কসমেটিকস সামগ্রী, ১৩টি শাল–চাদর, ১৪৫টি শাড়ি, ২১৬টি খাদ্যসামগ্রী, ৩ হাজার ৪৩৬টি বিভিন্ন ধরনের চকলেট, ১৭ দশমিক ৫ কেজি কিসমিস ও ৬ কেজি জিরা জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ১৫ হাজার ৮৮০ টাকা।
এ বিষয়ে ৪৯ বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক ও অবৈধ পণ্য পাচার ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।